Monday, 2 February 2026

গাজায় দুই বছর পর ‘সীমিত পরিসরে’ খুলল রাফা ক্রসিং

 

গাজায় দুই বছর পর ‘সীমিত পরিসরে’ খুলল রাফা ক্রসিং


অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সঙ্গে মিসর সংলগ্ন সীমান্ত পথ রাফা ক্রসিং ‘সীমিত পরিসরে’ খুলে দিয়েছে ইসরাইল। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, ‘সীমিত পরিসরে রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। সাধারণ ধারণা অনুসারে, আগামীকাল (সোমবার) থেকে উভয় দিক থেকে লোক চলাচল শুরু হবে। প্রতিদিন এ অঞ্চল দিয়ে ১৫০ ব্যক্তি গাজা ছেড়ে যাবে। অপরদিকে ৫০ জন প্রবেশ করবে।’

খবরে বলা হয়, আগ্রাসনের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিরাই শুধু ফিরে যাওয়ার অনুমতি পাবে। নজরদারির সরঞ্জামের মাধ্যমে ইসরাইল এ সীমান্ত পথের যাবতীয় কার্যক্রম দেখভাল করবে।

এতে আরো বলা হয়, প্রতিদিন গাজায় প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের তালিকা মিসর ইসরাইলের কাছে পাঠাবে। ইসরাইল তা পরীক্ষণ করে প্রবেশের অনুমতি দেবে। অপরদিকে ইসরাইল প্রতিদিন কম সংখ্যক ফিলিস্তিনিকে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেবে। যারা গাজা ছেড়ে যাবে, তারা আবার ফিরে আসার অনুমতি পাবে।

মিসর সংলগ্ন রাফা ক্রসিং বাকি বিশ্বের সঙ্গে গাজার একমাত্র সংযোগ পথ। আগ্রাসনের মধ্যে ২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী এর নিয়ন্ত্রণ নিয়ে তা পুরোপুরি বন্ধ করে দেয়। গত বছর অক্টোবরে ঘোষিত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ সীমান্ত ক্রসিং খোলার কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ শেষ জিম্মির লাশ উদ্ধার না হলে খোলা হবে না বলে শর্ত দিয়েছিল। যার ফলে কার্যকরভাবে কয়েক মাস ধরে চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হয়।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় প্রচণ্ড হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগের দিন রোববার গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য জানায় আলজাজিরা। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামাসের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় গাজায় ২৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে ৫২৩ জন নিহত ও এক হাজার ৪৩৩ জন আহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ৭১৫টি লাশ।

সব মিলিয়ে গাজায় দুই বছরের আগ্রাসনে ৭১ হাজার ৭৯৫ জন নিহত ও এক লাখ ৭১ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

No comments:

Post a Comment

রমজানের শিক্ষা যেন ভুলে না যাই

এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আসে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর। পুরো রমজানে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং আত্মসংযম...