
আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং জনমত গঠন ও সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। তবে নৈতিকতাহীন সাংবাদিকতা অনেক সময় সমাজে বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টি করে। ইসলাম সাংবাদিকতাকে একটি পবিত্র দায়িত্ব বা ‘আমানত’ হিসেবে গণ্য করে, যার প্রতিটি পদক্ষেপের জন্য পরকালে জবাবদিহি করতে হবে।
সংবাদের সত্যতা ও যাচাইকরণ
ইসলামি সাংবাদিকতার প্রথম ও প্রধান স্তম্ভ হলো তথ্যের সত্যতা নিশ্চিত করা। কোনো সংবাদ শোনামাত্রই তা প্রচার করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহতায়ালা ইরশাদ করেন : ‘হে মুমিনরা! যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়।’ (সুরা হুজুরাত, আয়াত : ৬)
রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন : ‘কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই না করে) তা-ই বর্ণনা করে।’ (সহিহ মুসলিম : ৫; আবু দাউদ : ৪৯৯২)
সাংবাদিকতার নৈতিক ভিত্তি
একজন সাংবাদিককে অবশ্যই নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক মতাদর্শ যেন সংবাদের বস্তুনিষ্ঠতাকে ক্ষুণ্ণ না করে, সে বিষয়ে কোরআন বলছে : ‘কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ না করার দিকে প্ররোচিত না করে। তোমরা ইনসাফ করো, এটাই তাকওয়ার নিকটবর্তী।’ (সুরা মায়িদা, আয়াত : ৮)
অন্যত্র আল্লাহ বলেন : ‘হে ঈমানদাররা! আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো।’ (সুরা আহজাব, আয়াত : ৭০)
সাংবাদিকতায় বর্জনীয় বিষয়
বর্তমান সাংবাদিকতায় অনেক সময় অন্যের ব্যক্তিগত দোষত্রুটি খুঁজে বের করাকে কৃতিত্ব মনে করা হয়। কিন্তু ইসলাম একে চরম ঘৃণা করে। আল্লাহ বলেন : ‘তোমরা একে অন্যের ছিদ্রান্বেষণ করো না এবং একে অন্যের গিবত (পরনিন্দা) করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।’ (সহিহ বুখারি : ২৪৪২; সহিহ মুসলিম : ২৫৯৯; ইবনে মাজাহ : ২৫৪৪)
অশ্লীলতা ও ফিতনা প্রতিরোধ
সংবাদমাধ্যমকে অবশ্যই সমাজ থেকে অশ্লীলতা দূর করতে হবে। কুরুচিপূর্ণ ছবি বা সংবাদ প্রচারের ভয়াবহতা সম্পর্কে কোরআন সতর্ক করেছে : ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তা কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।’ (সুরা নূর, আয়াত : ১৯)
পাশাপাশি মিথ্যা সংবাদ বা গুজবের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা (ফিতনা) সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। আল্লাহ বলেন : ‘ফিতনা (বিশৃঙ্খলা) সৃষ্টি করা হত্যার চেয়েও গুরুতর অপরাধ।’ (সুরা বাকারা, আয়াত : ১৯১)
গোপনীয়তা রক্ষা
সাংবাদিকতার অন্যতম মূলনীতি হলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত অডিও, ভিডিও বা তথ্য প্রকাশ করা খিয়ানতের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন :
‘যখন কোনো ব্যক্তি কথা বলার পর এদিক-ওদিক তাকায় (অর্থাৎ চায় না অন্য কেউ শুনুক), তবে সেই কথাটি একটি আমানত।’ (তিরমিজি : ১৯৫৯)
জনস্বার্থে গোপনীয়তা প্রকাশ
ইসলামে অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে নির্দেশ থাকলেও, যখন কোনো ত্রুটি রাষ্ট্র বা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন তা প্রকাশ করা অপরিহার্য হয়ে পড়। আল্লাহ বলেন : ‘মন্দ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না; তবে যার ওপর জুলুম করা হয়েছে (তার কথা ভিন্ন)। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা নিসা, আয়াত : ১৪৮)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, তবে সে যেন তা নিজের হাত দিয়ে (শক্তি প্রয়োগে) বাধা দেয়। যদি তাতে সক্ষম না হয়, তবে যেন মুখ দিয়ে (প্রতিবাদ করে) বাধা দেয়…’ (সহিহ মুসলিম : ৪৯)
এভাবে একজন সাংবাদিক লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে মূলত হাদিসের নির্দেশই পালন করেন।
যদি কোনো সরকারি কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি আমানতের খিয়ানত (দুর্নীতি) করেন, তবে তা প্রকাশ করা খিয়ানতের অন্তর্ভুক্ত নয়, বরং তা আমানত রক্ষার অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘উপদেশ বা কল্যাণকামিতাই হচ্ছে দ্বীন (ধর্ম)।’ (সহিহ মুসলিম : ৫৫)
উপসংহার
ইসলামি নীতিমালার আলোকে সাংবাদিকতা শুধু পেশা নয়, বরং সমাজ সংস্কারের একটি মহান ‘দাওয়াহ’। সাংবাদিকের কলম যখন কোরআন ও সুন্নাহর আদর্শে পরিচালিত হবে, তখন তা অন্যায়ের বিরুদ্ধে ঢাল এবং সত্যের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘নিশ্চয়ই সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়।’ (সহিহ বুখারি : ৬০৯৪; সহিহ মুসলিম : ২৬০৭) সুতরাং সাময়িক খ্যাতি বা ভাইরাল হওয়ার মোহের চেয়ে সত্যনিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হওয়া উচিত একজন মুসলিম সাংবাদিকের চূড়ান্ত লক্ষ্য।
No comments:
Post a Comment